নিজস্ব সংবাদদাতা: মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামে নিজ ঘর থেকে শাহিনা বেগম (৩৮) নামে এক সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহিনা বেগম মেলান্দহ উপজেলার মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে ও ওই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। তার স্বামী চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিনা বেগম প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। তবে সেদিন (১১ সেপ্টেম্বর) সকালে শাহিনা বেগমকে না দেখে খোঁজ নেওয়ার জন্য সকাল ৯টার দিকে বাসায় গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ও ঘরের দরজা খোলা অবস্থায় শাহিনার বেগমের হাত-পা বাঁধা অবস্থায় নগ্ন মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। এসময় ঘরের পেছনের দরজা খোলা ছিল।
এ সময় ঘরের মালামালও বিশৃঙ্খল অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন। সিআইডি ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে।
