জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার (৩০ জুলাই) প্রধান খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলের ব্যবধানে হারায় গণিত বিভাগকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন লিটন ও হামজা, আর গণিত বিভাগের একমাত্র গোলটি করেন হামিম।
প্রথমার্ধে আক্রমণাত্মক খেলার ধারায় ব্যবস্থাপনা বিভাগ এগিয়ে যায় লিটনের গোলে। ম্যাচের এক পর্যায়ে গণিত বিভাগের গোলরক্ষক আহত হলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বিরতির পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে গণিত বিভাগ, হামিমের গোলে। তবে শেষ মুহূর্তে ব্যবস্থাপনার হামজার অসাধারণ এক গোল দলটিকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের মেহেদী।
গত ১৫ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগ অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালে উঠে ব্যবস্থাপনা ও গণিত বিভাগ। সেমিফাইনালে ব্যবস্থাপনা টাইব্রেকারে ৫-৪ গোলে ফিশারিজ বিভাগকে এবং গণিত বিভাগ ১-০ গোলে হারায় সমাজকর্ম বিভাগকে।
টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ক্রীড়ামনস্কতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ম্যাচেই ছিল দর্শকদের সরব উপস্থিতি। আয়োজক কমিটির মতে, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও কিছু বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট, মোজুল ত্রিপুরা (ব্যবস্থাপনা বিভাগ), সর্বোচ্চ গোলদাতা: শামীম আকন্দ (সমাজকর্ম বিভাগ), ৩ গোল ও সেরা গোলকিপার: জাকিব (গণিত বিভাগ) পুরস্কৃত হন।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন মো. কবুল হুসাইন রবিন, মো. কানন মিয়া, মো. জুলহাস উদ্দিন ও মো. গোলাম মোস্তফা।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, মেডেল ও সনদ প্রদান করা হয়। একক পুরস্কারপ্রাপ্তদের পাশাপাশি আয়োজক কমিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয় মেডেল, সনদ এবং ১০টি করে ১০০ টাকার প্রাইজবন্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি বলেন,
“জাবিপ্রবির খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলবে—এটাই আমাদের প্রত্যাশা। ১৫ জুলাই থেকেই ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে যে কার্যক্রম চলছে, এই টুর্নামেন্ট ছিল তারই অংশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এবং সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের সম্মানে আয়োজন করা হয় বিশেষ ডিনার পার্টি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
