বিজ্ঞপ্তি: মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত টাকা আদায়, অনিয়মিত ক্লাস পরিচালনাসহ সকল অনিয়ম বন্ধে দৃশ্যমান উদ্যোগের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। ৩১ অক্টোবর ২০২৪ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে এক অধিপরামর্শ সভার তিনি এই মতামত ব্যাক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান, যুগ্ম আহ্বায়ক মনোয়ারা খানম ও মুহাম্মদ সাজ্জাত হুসেন, সদস্য তামান্না সালেহীন কবিতা ও রফিকুজ্জামান মল্লিক।
টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক মনোয়ারা খানম। তিনি তার বক্তব্যে বলেন, সনাকের নতুন প্রকল্প প্যাকটার মাধ্যমে মাধ্যমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা সেবার মান উন্নয়নে সনাক উদ্যোগ গ্রহন করেছে। মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা সনাক-এর সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটায় মোট দুইটি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সভায় জানানো হয়, বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায়, শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের কোচিং-এ পড়ানো নিরুৎসাহিত করা, বিদ্যালয়ে তথ্য বোর্ড স্থাপন, বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষাসেবা সম্পর্কে অবগত করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাম্মদ ছানোয়ার হোসেন তার বক্তব্যে, সনাক-টিআইবি এর এই ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে এসএমসি সক্রিয় না থাকার কারণে কিছু বিদ্যালয়ে শিক্ষা সেবার মান ব্যহত হচ্ছে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে। এছাড়াও সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিদ্যালয়গুলোতে নির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি সনাক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগ জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সময় মাধ্যমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরে যে উদ্যোগ গ্রহন করেছে সেখানে মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান আশাবাদ ব্যাক্ত করেন।
