জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিতে ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে আরমান নামের এক যুবক হাত হারিয়েছেন। আজ (২৪ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহত আরমানের (২৩) বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার চেচুয়া গ্রামে। তার পিতার নাম শফিউদ্দিন। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে জামালপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দেয় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরমান ট্রেনের নিচে পড়ে যান। যাত্রাবিরতির সময় শেষ হওয়ায় ট্রেন চলতে শুরু করলে আরমানের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।
পরে গুরুতর অবস্থায় আরমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
