দেশজুড়ে

“আমি এই মর্মে ঘোষণা করছি ফেসবুক বা মেটাকে…”- ফেসবুকে ভাইরাল স্ট্যাটাস, আসলে কি?

Jamalpur News • • 0 মন্তব্য

জামালপুর বার্তা:  সাম্প্রতিক সময়ের ফেসবুক স্ক্রল করলে চোখে পড়ে একটি পরিচিত পোস্ট। অনেকেই হয়তো নিজের টাইমলাইনে এটি শেয়ারও করেছেন। উদ্দেশ্য একটাই—নিজের ছবি ও ব্যক্তিগত তথ্য যেন মেটা বা ফেসবুক ব্যবহার করতে না পারে।

পোস্টে লেখা হয়:

“আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। এটি অফিসিয়াল, টিভিতেও দেখানো হয়েছে।”

এই ঘোষণায় ভরসা রেখে যারা তথ্য সুরক্ষা নিশ্চিত করতে চাচ্ছেন, তাদের জন্য দুঃসংবাদ-এই পোস্টের কোনো আইনগত বা প্রযুক্তিগত ভিত্তি নেই।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ভুল ও বিভ্রান্তিকর ধারণা। এই ধরনের পোস্ট আপনার তথ্যের মালিকানা বা ব্যবহারের অনুমতি বাতিল করতে পারে না।

মেটার (ফেসবুকের মূল কোম্পানি) পক্ষ থেকে বলা হয়েছে, আপনার প্রাইভেসি নির্ধারিত হয় আপনার সেটিংস এবং ব্যবহারের শর্তাবলী অনুযায়ী। কোনো স্ট্যাটাস পোস্ট করে সেই চুক্তি বদলানো যায় না।

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে চুক্তিতে সম্মতি দেন, সেটিতেই নির্ধারিত থাকে ফেসবুক কীভাবে আপনার কনটেন্ট ব্যবহার করতে পারে। যদি কখনো কোম্পানি নীতিমালায় পরিবর্তন আনে, তাহলে তা অফিশিয়ালভাবে জানিয়ে ব্যবহারকারীদের সম্মতি নিয়েই কার্যকর হয়।

এই ধরনের ভাইরাল স্ট্যাটাসে গা ভাসিয়ে ছবি বা তথ্য সুরক্ষা নিশ্চিত করা যায় না। বরং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, কোনো কিছু ফেসবুকে শেয়ার করার আগে একবার ভেবে নেওয়া উচিত—এটি ভবিষ্যতে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কি না।
ফোন নম্বর, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা খুব ব্যক্তিগত মুহূর্তের ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করাই ভালো।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ থাকার দায়িত্ব অনেকটাই ব্যবহারকারীর নিজের।
প্রাইভেসি সেটিংস ঠিকভাবে ব্যবহার করুন, কাদের সঙ্গে কী শেয়ার করছেন তা বুঝে পোস্ট করুন, আর গুজব বা হুজুগ এড়িয়ে চলুন।

কারণ বাস্তবতা হলো, একটি ঘোষণা নয়, সচেতনতাই পারে আপনাকে রক্ষা করতে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *