জামালপুরে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার (২২ অক্টোবর) জামালপুর থানায় মামলা রুজু করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ সংলগ্ন জগবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতারা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে। এই ঘটনায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবির বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছোট ভাই মির্জা শিপনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ১১৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
